দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। বুধবার যৌথভাবে একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
ছবিতে দেখা যায়, কয়েকটি হাত পরস্পর জড়িয়ে আছে। কিয়ারা ও সিদ্ধার্থের কন্যার হাতের সঙ্গে একজোড়া ছোট মোজা ধরে রাখা হয়েছে। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদপুষ্ট। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে।’
তাদের এই ঘোষণায় মন্তব্যের ঘরে ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন করণ জোহর ও আথিয়া শেঠি।
প্রথম সন্তান আসার খবর প্রকাশ থেকে শুরু করে মেয়ের নাম জানানোর সময়ও ছোট মোজার ছবি ব্যবহার করেছিলেন ‘শেরশাহ’ জুটি। এবারও সেই একই ধরনের ছবি দিয়ে দ্বিতীয় সন্তানের আসার খবর জানালেন তারা।
গত বছরের ১৫ জুলাই প্রথম সন্তানের জন্ম দেন কিয়ারা। আগস্টে সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম নেয়। প্রসবের জন্য মুম্বাইয়ের গিরগাঁও এলাকার এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিয়ারাকে। তাদের মেয়ের নাম সারায়াহ মালহোত্রা।
গত বছরের মেট গালায় কিয়ারা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরের ইঙ্গিত দিয়েছিলেন। সেদিন তিনি গৌরব গুপ্তের নকশা করা পোশাক পরেছিলেন।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ছবিটির শুটিং চলাকালে নিজেদের সম্পর্কের বিষয়টি গোপন রেখেছিলেন তারা।
‘কফি উইথ করণ’-এর অষ্টম মৌসুমের একটি পর্বে কিয়ারা জানিয়েছিলেন, ইতালির রোমে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ। সেই অনুষ্ঠানে কিয়ারা বলেছিলেন, সিদ্ধার্থ ওই অনুষ্ঠানে আসার আগে তারা রোম থেকে ফিরেছিলেন, যেখানে সিদ্ধার্থ তাকে বিয়ের প্রস্তাব দেন। সেটিই ছিল তার ও সিদ্ধার্থের পরিবারের প্রথম যৌথ ভ্রমণ।
প্রস্তাব দেওয়ার মুহূর্তের কথাও জানিয়েছিলেন কিয়ারা। তিনি বলেন, সিদ্ধার্থ ‘শেরশাহ’ ছবির সংলাপ বলতে শুরু করেছিলেন। দিল্লির সরল-সাদাসিধে ছেলের চরিত্রের সেই সংলাপ শুনে হেসে ফেলেছিলেন তিনি।
কাজের দিক থেকে সিদ্ধার্থকে সর্বশেষ লোককাহিনিনির্ভর কল্পনাধর্মী ছবি ‘দ্য ভাভান’-এ দেখা গেছে। আর কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে যশের বড় বাজেটের ছবি ‘টক্সিক’-এ।
সূত্র: এনডিটিভি
/অ